বাংলাদেশ

বিষধর সাপের কামড়ে সাপুড়িয়ার মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষধর সাপের কামড়ে আজাদুল ইসলাম (ঘুটু) নামে এক সাপুড়িয়ার মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার আসাদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজাদুল ইসলাম (৩০) গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সাপের খেলা দেখানো এবং বিভিন্ন এলাকায় সাপ ধরে বিক্রির কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে আয়োজিত একটি ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’ অনুষ্ঠানে প্রদর্শনের জন্য সোমবার বিকেলে কোচাশহর এলাকার একটি বাড়ির গর্ত থেকে একটি বিষধর সাপ ধরেন আজাদুল। পরে সাপটি হাতে নিয়ে প্রদর্শনের প্রস্তুতি ও প্রশিক্ষণের সময় হঠাৎ সেটি তাকে দংশন করে।

কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন জানান, সাপের বিষ নামানোর আশায় প্রথমে তাকে রাজা বিরাট এলাকার শিব-সমুদ্রে এক ওঝার কাছে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমন প্রামাণিক জানান, হাসপাতালে আনার পর ইসিজি পরীক্ষায় দেখা যায়, রোগীর প্রায় দুই ঘণ্টা আগেই মৃত্যু হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার সাপের দংশনে আজাদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button