বাংলাদেশ

প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, পরে ইন্টারনেট দেখে গড়েন ইয়াবা কারখানা

বাংলা টিভি ডেস্ক: ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে নিজ বাড়িতেই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার অভিযোগে গাজীপুরের টঙ্গীতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রেমের সম্পর্কে ব্যর্থ হয়ে আর্থিক ও মানসিক সংকটে পড়ার পর অর্থ উপার্জনের জন্য তিনি মাদক উৎপাদনের পথ বেছে নেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে টঙ্গীর পাগার আলেক টেক এলাকার একটি আবাসিক বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাড়ির একটি কক্ষ থেকে মাদক তৈরির বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম নাজমুল ইসলাম বাপ্পি (৩২)। তিনি ওই এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের বড় ছেলে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুল রহমান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি চালানো হচ্ছিল। তথ্যের সত্যতা পাওয়ার পর শুক্রবার গভীর রাতে টঙ্গী পূর্ব থানা-পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির ভেতরে ইয়াবা উৎপাদনের জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও নিষিদ্ধ রাসায়নিক পদার্থের সন্ধান পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে নাজমুলকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল দাবি করেন, প্রেমের সম্পর্কে ব্যর্থ হয়ে আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়ার পর দ্রুত টাকা আয়ের চিন্তা থেকে মাদক উৎপাদনের পরিকল্পনা করেন তিনি। এ কাজে ইন্টারনেটের বিভিন্ন তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট থেকে ধারণা নিয়ে নিজ বাড়িতে কারখানা স্থাপন করেন বলে জানান তিনি।

এদিকে স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিদেশ থেকে দেশে ফেরার পর নাজমুল মাদকাসক্ত হয়ে পড়েন। পরবর্তী সময়ে নিজেই মাদক উৎপাদনের মতো অপরাধে জড়িয়ে যান বলে অভিযোগ রয়েছে।

সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুল রহমান জানান, অভিযুক্তের বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ রাসায়নিক উপাদান ও ইয়াবা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button