বাংলাদেশপ্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, পেল হারমোনিয়াম উপহার

বাংলা টিভি ডেস্ক: রংপুরের গঙ্গাচড়া উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করার পাশাপাশি নিজের সংগীতচর্চার জন্য কাঙ্ক্ষিত হারমোনিয়ামও উপহার পেয়েছে এই ক্ষুদে সংগীতশিল্পী।

অনুশ্রী পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় দেশের গানে প্রথম এবং নজরুল সংগীতে তৃতীয় স্থান অর্জন করে সে। গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পদক গ্রহণের সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে একটি চিঠি দেয় অনুশ্রী। সেখানে নিজের সংগীতের প্রতি ভালোবাসার কথা জানিয়ে অনুশীলনের জন্য একটি হারমোনিয়াম এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করে।

চিঠিটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছালে তিনি তা পড়ে অনুশ্রী ও তার পরিবারকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অনুশ্রী।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী স্নেহের সঙ্গে তার সংগীতচর্চার খোঁজ নেন এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। অনুশ্রীর অনুরোধ অনুযায়ী তাকে একটি হারমোনিয়াম উপহার দেওয়া হয়। এ সময় ক্ষুদে এই শিল্পী প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গানও শোনায়।

অনুশ্রী জানায়, তার দেওয়া চিঠি প্রধানমন্ত্রী পড়বেন এবং তাকে সাক্ষাতের সুযোগ দেবেন—এমনটা সে কখনো ভাবেনি। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে হারমোনিয়াম কেনা সম্ভব হচ্ছিল না বলেই সে প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছিল।

অনুশ্রীর বাবা জানান, মেয়ের সংগীতচর্চার প্রতি আগ্রহ দেখে তারা সবসময় তাকে উৎসাহ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া এই উৎসাহ ও উপহার তার মেয়ের ভবিষ্যৎ সংগীতজীবনে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং হারমোনিয়াম উপহার পাওয়ার ঘটনায় অনুশ্রী ও তার পরিবার আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা আশা করছেন, এই উৎসাহ অনুশ্রীকে দেশের একজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পী হওয়ার পথে আরও এগিয়ে যেতে সহায়তা করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button