বাংলাদেশ

মেয়েদের আপত্তিকর ছবি তুলে লন্ডনে বয়ফ্রেন্ডের কাছে পাঠাতেন ইবি’র ছাত্রী

বাংলা টিভি ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই ৩৬’ হলের এক আবাসিক ছাত্রীর বিরুদ্ধে সহপাঠীদের গোপনে ব্যক্তিগত ছবি ধারণ করে এক ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১০ জন শিক্ষার্থী ভুক্তভোগী হয়েছেন বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হওয়ার পর হলের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত ছাত্রী হলের কক্ষ ও আশপাশের এলাকায় সহপাঠীদের অসতর্ক মুহূর্তের ছবি গোপনে ধারণ করে লন্ডনে অবস্থানরত এক যুবকের কাছে পাঠাতেন। তাদের দাবি, ব্যক্তিগত ও সংবেদনশীল এসব ছবি তাদের অনুমতি ছাড়া সংগ্রহ করা হয়েছে।

শিক্ষার্থীদের ভাষ্য, অভিযুক্ত ছাত্রীর সঙ্গে ওই যুবকের সম্পর্ক ছিল। পরে তাদের মধ্যে বিরোধ তৈরি হলে যুবকটি কয়েকটি ছবি অন্যদের কাছে পাঠিয়ে দেন। এরপর বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীরা তার সঙ্গে যোগাযোগ করেন। যুবকটি দাবি করেন, ছবিগুলো অভিযুক্ত ছাত্রীই তাকে পাঠিয়েছিলেন।

হলের শিক্ষার্থীরা জানান, আবাসিক হলকে তারা নিরাপদ স্থান মনে করেন। সেখানে ঘুমন্ত অবস্থায় বা ব্যক্তিগত মুহূর্তের ছবি গোপনে ধারণ করে বাইরে ছড়িয়ে দেওয়ার ঘটনা তাদের গোপনীয়তার বড় ধরনের লঙ্ঘন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের মুখে অভিযুক্ত ছাত্রী নিজের ভুল স্বীকার করেছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। তবে তিনি দাবি করেছেন, কোনো খারাপ উদ্দেশ্যে নয়, অসচেতনতার কারণে এসব ছবি তুলেছেন। অন্যদিকে ওই যুবকের সঙ্গে কথোপকথনের অডিওতে ভিন্ন ধরনের অভিযোগ পাওয়া গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান জানিয়েছেন, আনুষ্ঠানিক অভিযোগ পেলে দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button