প্রধানমন্ত্রীবাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বখ্যাত আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসা সম্প্রসারণে ভিসার আগ্রহের কথা জানান স্টিফেন কার্পিন। তিনি বলেন, ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।

ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্ট জানান, যেসব ব্যাংক হিসাবধারী এখনো কার্ডভিত্তিক লেনদেনের আওতায় আসেননি, তাদের এ ব্যবস্থায় যুক্ত করতে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও নিরাপদ, সহজ এবং দ্রুত করার ক্ষেত্রেও ভিসা কাজ করতে আগ্রহী বলে জানান কার্পিন।

বৈঠকে সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেন আরও সহজ করতে মেট্রোরেল, টোল প্লাজা, এক্সপ্রেসওয়ে এবং বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশের ডিজিটাল ও সৃজনশীল অর্থনীতির বিকাশে ভিসার সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় নিরাপদ ও সহজে দেশে আনার জন্য কার্যকর ডিজিটাল পেমেন্ট অবকাঠামো গড়ে তোলার বিষয়টিও উঠে আসে বৈঠকে।

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসাকে একটি প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র অথবা বৈশ্বিক সেবা কেন্দ্র স্থাপনের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির প্রসারে বেসরকারি খাতের অংশগ্রহণকে স্বাগত জানান। দেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button