
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে হারের কষ্ট কাটিয়ে ওঠার আগেই ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা খেলেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করার পর এবার বাবাকে হারিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। ৬৮ বছর বয়সে মারা গেছেন তার বাবা হোর্হে মেসি।
বাবার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি বার্তা দিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। সেখানে নিজের ভবিষ্যৎ ফুটবল ক্যারিয়ার নিয়েও অনিশ্চয়তার কথা জানিয়েছেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার।
মেসি লিখেছেন, বাবাকে ছাড়া কীভাবে সামনে এগিয়ে যাবেন, তা তিনি জানেন না। এতদিন তার জীবনজুড়ে ছিল শুধু ফুটবল। তবে এখন আর কতদিন এই খেলাটি চালিয়ে যেতে পারবেন, তা নিয়ে তার মনে গভীর সংশয় তৈরি হয়েছে।
বাবার সঙ্গে বিশ্বকাপ ফাইনালের একটি আবেগঘন স্মৃতিও তুলে ধরেছেন মেসি। তিনি জানান, বাবাকে প্রায়ই বলতেন, তারা ফাইনালে উঠবেন, যাতে বাবা গ্যালারিতে বসে তাকে দেখতে পারেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ফাইনালে উঠলেও সেখানে বাবাকে পাশে পাননি তিনি।
মেসির ভাষায়, বাবার জন্য বিশ্বকাপের শিরোপা জিততে চেয়েছিলেন তিনি। বাবাকে আরেকটি ট্রফি দেখানোর স্বপ্নও ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি। ফাইনালে নিজের সর্বোচ্চটা দেওয়ার পরও শিরোপা জেতা সম্ভব হয়নি।
নিজের জীবনে বাবার অবদানের কথাও গভীর আবেগের সঙ্গে স্মরণ করেছেন মেসি। তার কাছে হোর্হে মেসি শুধু বাবা ছিলেন না, ছিলেন বন্ধু ও এজেন্টও। ক্যারিয়ারের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে বাবাকে পাশে পেয়েছেন তিনি।
মেসি আরও জানান, জীবনের প্রতিটি মুহূর্তে বাবার যে ভূমিকা পালন করার প্রয়োজন ছিল, হোর্হে ঠিক সেটিই করেছেন। তার চোখে বাবার কোনো ভুল ছিল না।
বিশ্বকাপের ফাইনালে পরাজয় এবং এরপর বাবাকে হারানোর মতো পরপর দুটি আঘাত মেসিকে গভীরভাবে নাড়া দিয়েছে। তার অবসরের ইঙ্গিত তাই ফুটবলবিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



