গ্রাম বাংলাদেশবাংলা

দৌলতপুরে দুই গ্রুপের সংঘর্ষ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রুপের সংঘর্ষে শাহীন ওরফে গেদু (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার শিল্পনগরী আল্লারদর্গা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সুজন ও শাহীন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে আল্লারদর্গা বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় খন্দকার গোলাম গাউসের ছেলে শাহীন ওরফে গেদুকে (৪০) একই এলাকার বজু খন্দকারের ছেলে মো. সুজন (২৫), দুলু খন্দকারের ছেলে জনি (৩০)-সহ ৭-৮ জন ধারালো চাইনিজ কুড়াল দিয়ে হামলা করেন বলে অভিযোগ উঠেছে। এতে শাহীনের বাম হাতের বাহুতে গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, সংঘর্ষে জড়িত উভয় পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এছাড়া সুজন ও শাহীন পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ খন্দকারের ভাতিজা বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বলেন, আল্লারদর্গা বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন আহত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button