সদ্যবিবাহিত ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বাবাও

বাংলা টিভি ডেস্ক: সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে মাসুক আহমেদের (৩৮) মৃত্যুর খবর শুনে কিছুক্ষণ পরই মারা গেছেন তার বাবা আব্দুল লতিফ (৬৭)। ছেলের আকস্মিক মৃত্যু মেনে নিতে না পেরেই হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম (খালপাড়) এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুক আহমেদ শাহগলী বাসস্ট্যান্ড এলাকার নুসরাত লাইটিংয়ে কর্মচারী হিসেবে কাজ করতেন। রোববার সন্ধ্যায় কর্মস্থলে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তার মৃত্যু হয়।
মাসুকের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছালে শোকে ভেঙে পড়েন তার বাবা আব্দুল লতিফ। স্বজনরা তাকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান।
স্বজনরা জানান, মাসুক সম্প্রতি বিয়ে করেছিলেন। নতুন জীবন নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। সংসার শুরুর আগেই এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বিয়ের পর তার হাতে থাকা মেহেদির দাগও এখনো পুরোপুরি মুছে যায়নি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। ছেলের মৃত্যুর সংবাদ পাওয়ার পর তার বাবাও মারা গেছেন।
ওসি জানান, পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎস্পৃষ্টে নিহত মাসুক আহমেদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। আবেদন বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।



