আন্তর্জাতিকইন্ডিয়া

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ভালো বেতনের চাকরির আশ্বাস দিয়ে নিয়ে যাওয়ার পর পুনের একটি কুখ্যাত যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া ছয় বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় মানবপাচার ও জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) ভোরে মহারাষ্ট্রের পুনে শহরের বুধবার পেথ এলাকার বিভিন্ন নিষিদ্ধ পল্লিতে বিশেষ অভিযান চালিয়ে ওই নারীদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডেপুটি কমিশনার (জোন-১) ঋষিকেশ রাওয়ালের নির্দেশনায় ফারাসখানা, বিশ্রামবাগ ও খাদক থানার সদস্যদের নিয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বুধবার পেথ এলাকার একাধিক যৌনপল্লিতে তল্লাশি চালিয়ে ছয় বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফারাসখানা থানায় মানবপাচার চক্রের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বাকি দুইজন পলাতক থাকায় তাদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া নারীরা জানিয়েছেন, প্রায় চার মাস আগে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে নেওয়া হয়। তাদের কারও কাছেই বৈধ পাসপোর্ট বা পরিচয়পত্র ছিল না।

মুম্বাইসহ ভারতের বিভিন্ন বড় শহরে আকর্ষণীয় চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তাদের সীমান্ত পার করানো হয়। পরে পুনেতে নিয়ে যৌনপল্লির পরিচালনাকারীদের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়। সেখানে তাদের জোরপূর্বক দেহব্যবসায় নিয়োজিত করা হয় বলে অভিযোগ রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে নারী পাচারের সঙ্গে জড়িত চক্রটি দীর্ঘদিন ধরে পুনের বুধবার পেথ এলাকাকে পাচারের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে। এর আগে চলতি বছরের মার্চ মাসেও একই এলাকার একটি যৌনপল্লি থেকে চার বাংলাদেশি নারীকে উদ্ধার করেছিল পুনে সিটি পুলিশ। সেবারও চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে তাদের দেহব্যবসায় বাধ্য করার অভিযোগ পাওয়া যায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button