প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

বাংলা টিভি ডেস্ক: নওগাঁর প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারে জন্ম শাকিল হোসেনের। জন্ম থেকেই দৃষ্টিহীন হলেও দমে যাননি তিনি। নানা প্রতিকূলতা পেরিয়ে স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলভাবে শেষ করেন তার শিক্ষা জীবন।
তবে পড়াশোনা শেষ করার পর নতুন চ্যালেঞ্জের মুখে পড়েন শাকিল। দৃষ্টিহীন হওয়ায় চাকরি পাওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন তিনি। কাঙ্ক্ষিত চাকরির আশায় বিভিন্ন দপ্তরে ঘুরলেও বারবার হতাশ হতে হয় তাকে। ফলে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
একপর্যায়ে বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উদ্যোগ নেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সহযোগিতায় শাকিলের জন্য বিশ্ববিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে নিয়োগপত্র হাতে পান আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার হাতে নিয়োগপত্র তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু এবং রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলম।
দৃষ্টিহীনতার বাধা পেরিয়ে উচ্চশিক্ষা অর্জনের পর অবশেষে চাকরির সুযোগ পাওয়ায় শাকিলের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো।



