চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ২

চাঁদপুর (ডিজিটাল) প্রতিনিধি: চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কচুয়া উপজেলার ফতেহপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে মোহর আলী (৬০) এবং সিএনজিচালক কবির মাল। তবে চালক কবির মালের বিস্তারিত পরিচয় এবং আহত অপর দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে পেছনের অটোরিকশাটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সামনে গিয়ে পড়ে এবং তিন যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় অটোরিকশার চালক ও যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাকি দুজন হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, ত্রিমুখী সংঘর্ষে হতাহতের ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



