বাংলাদেশ

মেসে সাড়া না পেয়ে দরজা ভেঙে জবি ছাত্রের মরদেহ উদ্ধার

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর চাঁনখারপুল এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক চন্দ্র পাল (২১)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পি কে গাঙ্গুলী লেনের একটি চারতলা ভবনের মেসের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অনিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। অনিকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

অনিকের সঙ্গে হাসপাতালে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয় রেবু জানান, ঘটনার সময় অনিক মেসের কক্ষে একাই ছিলেন। দীর্ঘ সময় তার কোনো সাড়াশব্দ না পেয়ে মেসের অন্য সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তাকে কক্ষের ফ্যান ঝোলানোর রডের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়।

পরে মেসের সদস্যরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button