গ্রাম বাংলাদেশবাংলা

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আটক ৩

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় ওয়াদ মালিথা (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলে থাকা তিন আরোহীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াদ মালিথা ওই গ্রামের মৃত আদু মালিথার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওয়াদ মালিথা বাড়ির সামনে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় খলিশাকুন্ডির দিকে যাচ্ছিল একটি ডিসকভার মোটরসাইকেল। মোটরসাইকেলটিতে চারজন আরোহী ছিলেন। দ্রুতগতিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি ওয়াদ মালিথাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মোটরসাইকেলের চালক আলামিন (১৭) পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন অপর তিন আরোহী রাব্বি (১৬), হুসাইন (১৭) ও মুরসালিনকে (১৬) আটক করেন। তাঁদের বাড়ি পার্শ্ববর্তী ভেড়ামারা এলাকায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

একটি মোটরসাইকেলে চার অপ্রাপ্তবয়স্কের চলাচল এবং বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক তিনজনকে হেফাজতে নেয়। অপ্রীতিকর পরিস্থিতি ও দুই গ্রামের মধ্যে কোনো ধরনের সংঘাত এড়াতে ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটক তিনজন পুলিশ হেফাজতে রয়েছে। মোটরসাইকেলের চালক আলামিনকে আটকের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button