গ্রাম বাংলাদেশবাংলা

ইয়াবাসহ দুই জুলাই যোদ্ধা ও যুবদল নেতা গ্রেপ্তার

টাঙ্গাইল (ডিজিটাল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডের বৃষ্টি হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চিতুলিয়াপাড়ার আজাহার আলীর ছেলে জুলাই যোদ্ধা হাছান আলী (৩৭) এবং একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে ও গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সদস্য জুলাই যোদ্ধা মাহমুদুল হাসান (৩৪)। তারা দুইজন উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা। পুলিশ প্রত্যেকজনের কাছ থেকে ১৫০ পিস করে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

জানা গেছে, জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে তারা দুইজন রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছিল। এছাড়াও বিভিন্ন সময় প্রশাসনকে চাপে রাখতো জুলাই যোদ্ধার প্রভাব খাটিয়ে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপপরিদর্শক রাইজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গার একটি হোটেল সংলগ্ন এলাকা থেকে দুইজন জুলাই যোদ্ধাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। বুধবার আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে ইয়াবা ট্যাবলেট তারা গাবসারা থেকে নিয়ে এসে এলেঙ্গাতে বিক্রির জন্য ক্রেতার অপেক্ষা করছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button