গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কারাগারে

বাংলা টিভি ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জে স্ত্রীর মুখে গরম ডাল ছুড়ে মারার অভিযোগে ওবায়দুল ওরফে ‘ডিজে ওবায়দুল’ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই ঘটনায় স্ত্রীর মুখ ঝলসে গিয়ে চেহারা বিকৃত হয়ে যায়। পরে স্ত্রীকে তালাক দেন তিনি। এ ঘটনায় করা নারী নির্যাতন মামলায় গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল গ্রামে। ভুক্তভোগী রিক্তা আক্তারের অভিযোগ, কয়েক বছর আগে জোনাইল বীর গোপালপুর গ্রামের তোতা মিয়ার ছেলে ওবায়দুলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।
রিক্তা জানান, গত বছর বৈদ্যুতিক দুর্ঘটনায় তার স্বামীর একটি হাত ক্ষতিগ্রস্ত হয়। সে সময় তিনি স্বামীর চিকিৎসার পাশাপাশি সার্বিকভাবে তার পাশে ছিলেন। পরে চিকিৎসার মাধ্যমে ওবায়দুল সুস্থ হয়ে ওঠেন।
ভুক্তভোগীর দাবি, সুস্থ হওয়ার পর ওবায়দুল টিকটক ব্যবহার এবং অন্য নারীর সঙ্গে সম্পর্কের বিষয়ে জড়িয়ে পড়েন। কয়েক মাস আগে এসব বিষয়ে প্রতিবাদ করায় একপর্যায়ে রান্না করা গরম ডাল তার মুখে ছুড়ে মারেন তিনি। এতে রিক্তার মুখ মারাত্মকভাবে দগ্ধ হয়। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও তার মুখের স্বাভাবিক আকৃতি পুরোপুরি ফিরে আসেনি বলে জানান তিনি।
রিক্তার অভিযোগ, এরপরও তার ওপর নির্যাতন চলতে থাকে। এ সময় টিকটকের মাধ্যমে অন্য এক নারীর সঙ্গে ওবায়দুলের সম্পর্ক তৈরি হয় বলেও দাবি করেন তিনি। একপর্যায়ে গত সপ্তাহে তাকে তালাক দেওয়া হয়।
পরে এ ঘটনায় রিক্তা আক্তার নারী নির্যাতনের মামলা করেন। মামলার পর মাদারগঞ্জ মডেল থানার পুলিশ গত মঙ্গলবার রাতে ওবায়দুলকে গ্রেফতার করে। বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তবে গ্রেফতারের পর ওবায়দুল অভিযোগ অস্বীকার করে ভিন্ন দাবি করেছেন। তার ভাষ্য, তার স্ত্রীর মৃগীরোগ রয়েছে। কাজ করার সময় মৃগীরোগের কারণে তিনি গরম পানিতে পড়ে গিয়ে আহত হন। স্ত্রীর চিকিৎসার সব খরচ তিনিই বহন করেছেন বলেও দাবি করেন ওবায়দুল।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহসীষ রায় ওবায়দুলকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।



