বাংলাদেশ

একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন

বাংলা টিভি ডেস্ক: ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে হাফিজার শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার নথি ও রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, বিয়ের পর থেকেই পুত্রবধূকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন হাফিজার শেখ। ২০২২ সালের ২৫ আগস্ট সকালে কৌশলে তাকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন তিনি। এরপর ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

একপর্যায়ে ভুক্তভোগী গর্ভবতী হয়ে পড়লে তাকে জোরপূর্বক গর্ভপাত করানো হয় বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। বিষয়টি স্বামী ও শ্বশুরবাড়ির অন্য সদস্যদের জানিয়ে প্রতিকার চাইলেও কোনো সমাধান না পাওয়ায় শেষ পর্যন্ত বাবার বাড়িতে চলে যান ওই গৃহবধূ।

এরপর ২০২২ সালের ১০ সেপ্টেম্বর মধুখালী থানায় মামলা করেন তিনি। মামলাটি তদন্তের পর মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ তোফাজ্জল হোসেন হাফিজার শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘদিনের বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে বৃহস্পতিবার আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে এই সাজা দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button