জাকির নায়েককে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

বাংলা টিভি ডেস্ক: মালয়েশিয়ায় আন্তর্জাতিকভাবে পরিচিত ইসলামী আলোচক ও দায়ী ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। এ সময় জাকির নায়েকের হাতে নিজের লেখা ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে বিষয়টি জানান শায়খ আহমাদুল্লাহ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, মালয়েশিয়ায় প্রখ্যাত দায়ী ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং এ সময় তার হাতে ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেওয়া হয়েছে।
প্রকাশিত ছবিতে শায়খ আহমাদুল্লাহ ও ড. জাকির নায়েককে পাশাপাশি বসে হাসিমুখে কথা বলতে দেখা যায়। তাদের সামনে শায়খ আহমাদুল্লাহর বইটির ইংরেজি সংস্করণও দেখা গেছে।
শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশের পরিচিত ইসলামী আলোচক ও দায়ী হিসেবে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয়ে নিয়মিত বক্তব্য দিয়ে থাকেন। অন্যদিকে ড. জাকির নায়েক আন্তর্জাতিক পরিসরে পরিচিত একজন ইসলামী বক্তা। বিভিন্ন দেশে ইসলাম ও ধর্মীয় নানা বিষয়ে বক্তব্যের কারণে তার অনুসারী রয়েছে।
তুলনামূলক ধর্মতত্ত্বের আলোচনার মাধ্যমে জাকির নায়েক ব্যাপক পরিচিতি লাভ করেন। বিভিন্ন ধর্মের সঙ্গে ইসলামের তুলনামূলক ব্যাখ্যার পাশাপাশি বিজ্ঞান, ইতিহাস ও ধর্মীয় গ্রন্থের বিভিন্ন প্রসঙ্গ তার বক্তব্যে উঠে আসে। বিশেষ করে বৈজ্ঞানিক বিষয় ও কোরআনের বিভিন্ন বক্তব্যের মধ্যে সম্পর্ক তুলে ধরার বিষয়টি তার আলোচনার অন্যতম পরিচিত দিক।
২০১৬ সালে ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে মামলা এবং তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ নেওয়া হয়। এরপর তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন। পরবর্তী সময়ে তাকে ভারতে ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে দেশটির পক্ষ থেকে বিভিন্ন সময়ে উদ্যোগের কথা জানা গেছে।



