বাংলাদেশ

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: সাভারে সন্ত্রাসীদের হামলায় নিহত পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্যরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। এ সময় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সহায়তায় ইতোমধ্যে পুলিশ অধিদপ্তরের কল্যাণ তহবিল থেকে ৬ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারের ব্যবসা চালু রাখতে ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড’-এর মাধ্যমে প্রয়োজনীয় ঋণসহ অন্যান্য সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মজীবনে এসআই আলতাফ হোসেনের সততা, নৈতিকতা ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে তাকে মরণোত্তর ‘পুলিশ পদক (পিপিএম)’ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন মন্ত্রী। এ সময় নিহতের স্ত্রী শিউলী পারভীনের হাতে আর্থিক অনুদানের অর্থ তুলে দেন তিনি।

যেভাবে হামলার শিকার হন এসআই আলতাফ

গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের আমিনবাজারের বরদেশী পশ্চিমপাড়ায় একটি অটোরিকশা রাখা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধ মীমাংসার চেষ্টা করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার মুখে পড়েন এসআই আলতাফ হোসেন।

পরিস্থিতি থেকে বাঁচতে তিনি তার বড় ছেলের ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নেন। কিন্তু রাত ৮টা ১০ মিনিটের দিকে দেশীয় অস্ত্র, রড, পাইপ, হাতুড়ি ও লাঠি নিয়ে সেখানে হামলা চালায় একদল সন্ত্রাসী।

এ সময় বাবাকে রক্ষা করতে গিয়ে এসআই আলতাফের ছোট ছেলে মো. আরিফুল ইসলামও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা বাবা ও ছেলেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসআই আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলী পারভীন বাদী হয়ে সাভার মডেল থানায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button