বাংলাদেশ

মাঝ আকাশে বিমানে বাঙালি যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল

বাংলা টিভি ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন থেকে বাংলাদেশগামী একটি ফ্লাইটে দুই যাত্রীর মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের ভেতরে দুই যাত্রী প্রথমে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। মারামারির সময় একজনের টি-শার্ট ছিঁড়ে যেতে দেখা যায়।

হঠাৎ এমন ঘটনায় বিমানের অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবিন ক্রু ও কয়েকজন যাত্রী এগিয়ে এসে দুজনকে আলাদা করার চেষ্টা করেন।

তবে কী কারণে দুই যাত্রীর মধ্যে এ বিরোধের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ বলেন, তিনি বিষয়টি সম্পর্কে এখনো অবগত নন। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button