বাংলাদেশ

পুলিশের হেফাজত থেকে পালাল আসামি, ৩ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লা আদালত চত্বর থেকে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে প্রায় তিন ঘণ্টা পর পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচে এ ঘটনা ঘটে।

পুনরায় গ্রেপ্তার হওয়া আসামির নাম রুবেল। তিনি নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের কোটালিয়া গ্রামের শাহ আলমের ছেলে।

পুলিশ জানায়, নারী নির্যাতনের একটি মামলায় রুবেলকে গ্রেপ্তার করেছিল নাঙ্গলকোট থানা পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করতে ছয় সদস্যের একটি পুলিশ দল তাকে কুমিল্লা আদালতে নিয়ে আসে। আদালত ভবনের নিচে পৌঁছানোর পর কোনো একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি হেফাজত থেকে পালিয়ে যান।

আসামি পালিয়ে যাওয়ার পর তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান জানান, পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় আটক করা হয়েছে। পরে তাকে নাঙ্গলকোট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, রুবেলকে আদালতে নিয়ে যাওয়ার সময় ছয়জন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন। আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়ার প্রায় তিন ঘণ্টা পর তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button