জাতীয়

‘দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হওয়ায় বিদেশে যাওয়ার প্রবণতা কমেছে’

বাংলা টিভি ডেস্ক: দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হওয়ায় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসাইন।

শুক্রবার সকালে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে কার্ডিয়াক সার্জারি বিভাগের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কার্ডিওভাসকুলার সার্জিক্যাল কনফারেন্সে এ কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।

তিনি বলেন, হৃদ্‌রোগের চিকিৎসায় দেশেই এখন অনেক আধুনিক সুযোগ-সুবিধা তৈরি হয়েছে। তবে চিকিৎসক ও সার্জনদের সক্ষমতা কাজে লাগাতে প্রয়োজন ভিশনারি প্ল্যানিং।
হৃদরোগের প্রকোপ বাড়লেও এখন হার্টের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হচ্ছে না বলে জানান তিনি।

দেশে পর্যাপ্ত সার্জন ও অধ্যাপক থাকলেও তাদের দক্ষতা কাজে লাগিয়ে চিকিৎসাসেবার আউটপুট বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরকারের বরাদ্দের যথাযথ ব্যবহার এবং রোগীর প্রয়োজনের মুহূর্তে দ্রুত সেবা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

হাসপাতালে ২৪ ঘণ্টা সার্ভিস নিশ্চিত করতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, ইমার্জেন্সি সার্ভিস ২৪/৭ চালু রাখতে হবে, যেখানে রোগী ভর্তির ২ ঘণ্টার মধ্যে ওয়ার্কআপ এবং ৬ ঘণ্টার মধ্যে চিকিৎসার সিদ্ধান্ত নেয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button