বাংলা টিভিতে সংবাদ প্রচারের পর জরিনা বেগমের পাশে সেবা ফাউন্ডেশন বাংলাদেশ

নীলফামারী (ডিজিটাল) প্রতিনিধি: বাংলা টিভিতে সংবাদ প্রচারের পর এবার অসহায় জরিনা বেগমের পাশে দাঁড়িয়েছে সেবা ফাউন্ডেশন বাংলাদেশ।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচণ্ডী ইউনিয়নের উত্তরপাড়া এলাকার জরিনা বেগমের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে বাংলা টিভিতে একটি প্রতিবেদন প্রচার করা হয়।
সংবাদটি প্রচারের দুই দিন পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জরিনা বেগমের খোঁজ নিতে তার বাড়িতে যান সেবা ফাউন্ডেশন বাংলাদেশের সদস্যরা। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাকে এক মাসের খাদ্য সহায়তা দেওয়া হয়।
এর পাশাপাশি আগামী শুক্রবারের মধ্যে জরিনা বেগমের জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন সেবা ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শিপন সেন জীবন।
এ সময় উপস্থিত ছিলেন- সেবা ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শিপন সেন জীবন, সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু, সাহেব আলী, শেখ সাদিসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয়রা।
অসহায় জরিনা বেগমের দুর্দশার খবর গণমাধ্যমে প্রকাশের পর তার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় স্থানীয়দের মধ্যেও স্বস্তি দেখা দিয়েছে।
স্থানীয়রা বলছেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠন এগিয়ে এলে জরিনা বেগমের মতো অসহায় মানুষের জীবন আরও সহজ হতে পারে।



