‘আমরা গিয়ে দেখি, অপ্রতিমের লাশ একটি শেয়াল কামড়াচ্ছিল’

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লায় নিখোঁজ কিশোর ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল বলে দাবি করেছেন ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার পশ্চিম সানন্দা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম জানান, অপ্রতিমকে উদ্ধারের জন্য তারা সকাল থেকেই বিভিন্ন এলাকায় খোঁজ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে জঙ্গলের ভেতরে একটি শিশুর মরদেহ পড়ে থাকার খবর পান তাঁরা। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অপ্রতিমকে পড়ে থাকতে দেখেন। তাঁর দাবি, তখন একটি শেয়াল অপ্রতিমের শরীরে কামড়াচ্ছিল।
এদিকে অপ্রতিম নিখোঁজের ঘটনায় তুহিন নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সিসিটিভি ফুটেজে গতকাল রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় অপ্রতিমের সঙ্গে তুহিনকে দেখা যায়। পরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মুঠোফোন নিয়ে ছবি তুলতে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। এরপর পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি চালান।
নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে পশ্চিম সানন্দার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ।



