বাংলাদেশ

মাদকের টাকার জন্য ২০ মাসের শিশুকে বিক্রির চেষ্টা

বাংলা টিভি ডেস্ক: মাদক কেনার অর্থ জোগাড় করতে নিজের ২০ মাস বয়সী কন্যাসন্তানকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পরে শিশুটির মায়ের ফোন পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিশুটির মা সীমা (২৬) জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান।

পুলিশ ও পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, সীমার স্বামী লোকমান হোসেন সাগর (২৭) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা সংগ্রহ করতে না পেরে তিনি তাদের ২০ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তারকে বিক্রির উদ্দেশ্যে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

শিশুটিকে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর সদরঘাট থানার রাতের মোবাইল টহল দল ‘স্পেশাল-২৪’ দ্রুত তৎপর হয়। এরপর নগরের বিভিন্ন সম্ভাব্য এলাকায় প্রায় দুই ঘণ্টা ধরে অভিযান ও তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেইন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

উদ্ধারের পর রাতেই শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। বর্তমানে সে নিরাপদে পরিবারের হেফাজতে রয়েছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, শিশুটিকে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে। পরে মাদারবাড়ি এলাকা থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অভিযুক্ত বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে জানিয়ে ওসি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button