বাংলাদেশ

যেভাবে হত্যা করা হয়েছে অপ্রতিমকে, লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। সেখানে বাধা দেওয়ায় তার সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে মাথায় একাধিকবার আঘাত করেন। পরে অপ্রতিমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার আইফোন নিয়ে তারা ঘটনাস্থল থেকে চলে যান বলে আসামিদের জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশ সুপার জানান, অপ্রতিম হত্যার রহস্য উদ্ঘাটনে সাধারণ ডায়েরির ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, ১৮ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টা থেকে সোয়া ২টার মধ্যে তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার পাহাড়ঘেরা নির্জন বনের দিকে যায়।

পরবর্তীতে অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর সিসিটিভি ফুটেজ আরও পর্যালোচনা করে তুহিনকে শনাক্ত করা হয়। তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় অন্যদের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তুহিন জিজ্ঞাসাবাদে জানায়, অপ্রতিমের আইফোন নেওয়ার পরিকল্পনা থেকেই তাকে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। এ ঘটনায় ফাহাদ ও তার এক বন্ধু জড়িত থাকার কথাও জানায় তুহিন। পরে অভিযান চালিয়ে ফাহাদকে হেফাজতে নেওয়া হয়। ফাহাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কামরুলকেও আটক করা হয়।

পুলিশ সুপার বলেন, তুহিনের দেওয়া তথ্য অনুযায়ী প্রথমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইফোনটি উদ্ধারের চেষ্টা করা হয়। তিনটি স্থানে খোঁজ করেও ফোনটি পাওয়া যায়নি। পরে তুহিনের দেওয়া তথ্য ও দেখানো জায়গার ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হলে সেখান থেকেই অপ্রতিমের আইফোনটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, ঘটনার দিন বিকাল ৫টা থেকে ৬টার মধ্যে সানন্দা এলাকার নির্জন বনে অপ্রতিমের কাছ থেকে আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে অপ্রতিম বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে তুহিন এবং পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে অপ্রতিমের মৃত্যু হলে তুহিন তার আইফোন নিয়ে ফাহাদ ও কামরুলের সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তুহিন, ফাহাদ ও কামরুলকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সিয়াম নামে আরও একজনকে আটক করে তার সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আদালতে পুলিশ প্রতিবেদন বা চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button