বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে আলোচনা শেষ করতে চায় সংবিধান সংশোধন কমিটি: সালাহউদ্দিন আহমদ

'ডিসেম্বরের মধ্যে আলোচনা শেষ করতে চায় সংবিধান সংশোধন কমিটি'

আগামী ডিসেম্বরের মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি। ইতিমধ্যে তারা চূড়ান্ত প্রতিবেদন তৈরির প্রাথমিক কাজও শুরু করে দিয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এই বৈঠকের মধ্য দিয়েই মূলত অংশীজনদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে কমিটি। প্রথম দিনে ‘জুলাই সনদে’ সই করা ২৬টি রাজনৈতিক দল ও জোটকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে ১৫টি দলের প্রতিনিধি সরাসরি উপস্থিত ছিলেন, একটি দল লিখিত বক্তব্য দিয়েছে এবং একটি দল অসুস্থতার কারণে আসতে পারেনি। সব মিলিয়ে ১৭টি দলের কার্যকর অংশগ্রহণ ছিল বলে কমিটি জানিয়েছে।

উপস্থিত সব কটি দল যত দ্রুত সম্ভব ‘জুলাই সনদ’ বাস্তবায়নের তাগিদ দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভিন্নমত (নোট অব ডিসেন্ট) সহ জুলাই সনদ ঠিক যেভাবে স্বাক্ষরিত হয়েছিল, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে। সবার সঙ্গে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করাই এর মূল লক্ষ্য।

জুলাই সনদের বাইরে আসা পরিপূরক প্রস্তাবগুলো পরামর্শ হিসেবে নেওয়া হবে। পাশাপাশি, বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকা অঙ্গীকারগুলোও এই প্রক্রিয়ায় ধারণ করা হবে।

কমিটি পর্যায়ক্রমে জুলাই সনদ প্রণেতা, সাবেক বিচারক, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবে।

প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে কমিটি প্রতি সপ্তাহে অন্তত একটি করে বৈঠক করার পরিকল্পনা করেছে।

সবার বক্তব্য ও মতামত ধারণ করে একটি চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে, যা পরে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button