জ্বালানি তেলের দাম রেকর্ড বাড়ল

বাংলা টিভি ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন—সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বৃদ্ধি পেয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দামের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন মূল্য কার্যকর হবে। অর্থাৎ, রোববার দিবাগত রাত ১২টার পর থেকেই ভোক্তাদের নতুন দামে জ্বালানি কিনতে হবে।
নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা দরে বিক্রি হবে।
সরকারের নির্ধারিত মূল্য কাঠামো অনুযায়ী, কর-পরবর্তী এক্স-রিফাইনারি পর্যায়ে প্রতি লিটার ডিজেলের মূল্য ধরা হয়েছে ১২৩ টাকা ৫৮ পয়সা। একইভাবে কেরোসিনের দাম ১৪৩ টাকা ৭৮ পয়সা, অকটেন ১৪৯ টাকা ৭৮ পয়সা এবং পেট্রোলের দাম ১৪৪ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর সঙ্গে ব্যবসায়ী পর্যায়ের মূসক, বকেয়া শুল্ক পরিশোধ, বিপণন কোম্পানির নির্ধারিত মার্জিন, পরিবহন ব্যয় এবং ডিলার বা এজেন্টদের কমিশন যোগ করে ভোক্তা পর্যায়ে চূড়ান্ত খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া প্রজ্ঞাপনে জ্বালানি তেল পরিবহন সংক্রান্ত নির্দেশনাও দেওয়া হয়েছে। ডিপো থেকে প্রথম ৪০ কিলোমিটারের বেশি দূরত্বে সড়কপথে ট্যাংকলরির মাধ্যমে জ্বালানি পরিবহনের ক্ষেত্রে ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে নির্ধারিত পরিবহন ভাড়া কার্যকর থাকবে।



