
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আবার উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে ছয় সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ নির্যাতিতার স্বামী ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ জনের বিরুদ্ধে চরজব্বর থানায় মামলা করেছেন। মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
নির্যাতিতা নারীর অভিযোগ, ৩১ মার্চ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ভোট চলছিল। তিনি ও তার স্বামী চশমা প্রতীকের প্রার্থী তাজ উদ্দিন বাবরকে ভোট দেন। সন্ধ্যায় তিনি ও তার স্বামী মোটরসাইকেল যোগে বাগ্গা গ্রামে নিজেদের বাড়ি যাওয়ার পথে তালা প্রতীকের প্রার্থীর সমর্থক ইউসুফ মাঝির নেতৃত্বে ১০-১২জন তাদের মারধর করে। এক পর্যায়ে বেচু মাঝি, বজলু ও আবুল বাসার ওই নারীকে পার্শ্ববর্তী রুহুল আমিনের মৎস্য প্রজেক্টে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় তার স্বামীর চিৎকারে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নির্যাতিতাকে দেখতে হাসপাতালে যান অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিষা। পরে তিনি সাংবাদিকদের বলেন, নির্যাতিতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
বাংলাটিভি/প্রিন্স



