বাংলাদেশ

সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা

বাংলা টিভি ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের সম্পর্কের ঘটনায় এমপির শ্যালক ওবায়দুর রহমানকে দায়ী করেছেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

এ সময় নিহত মরিয়ম খাতুনের মরদেহ নেওয়ার জন্য হাসপাতালে অপেক্ষা করছিলেন তার স্বজনেরা। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ ও তার দাদি।

মরিয়মের বাবা বলেন, ‘আজকে এই পরিস্থিতির জন্য আমার শ্যালক ওবায়দুর দায়ী। এই রাস্তায় সেই নিয়ে আসছে।’ টাকার লোভ দেখিয়ে মরিয়মকে ওই সম্পর্কে জড়ানো হয়েছিল এবং তাকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মেয়ের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল দাবি করে মাসুম বিল্লাহ বলেন, ‘মেয়ে কখনও কোনো কিছু নিয়ে অভিযোগ করেনি।’

প্রসঙ্গত, দুই স্ত্রীকে নিয়ে ন্যাম ভবনে বসবাস করছিলেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। রোববার সন্ধ্যায় ভবনটির ৫ নম্বর বিল্ডিংয়ের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ছিলেন বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। পুলিশ মরিয়ম খাতুনের হাতে লেখা কয়েকটি চিঠিও উদ্ধার করেছে।

এর আগে গত ২০ জুলাই গাজী নজরুল ইসলাম ও মরিয়ম খাতুনের অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

মরিয়মের মৃত্যুর ঘটনায় ওঠা অভিযোগ ও উদ্ধার হওয়া আলামত নিয়ে তদন্ত চলছে। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button