অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

বাংলা টিভি ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো অনেক কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর মধ্যেও সরকার জ্বালানিতে ভর্তুকি দিয়ে যাচ্ছে। দাম কিছুটা সমন্বয়ের পরও সরকারকে বিপুল পরিমাণ লোকসান গুনতে হচ্ছে বলে দাবি করেন তিনি।
জ্বালানি তেলের দামের হিসাব তুলে ধরে রিজভী বলেন, “প্রতি লিটার ডিজেল কিনতে খরচ হচ্ছে ২৫০ টাকা। মূল্য সমন্বয়ের পরও প্রতি লিটারে লোকসান থাকবে প্রায় ৭০ টাকা। সংকট নিরসনে সরকার আন্তরিকতার সঙ্গেই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
জ্বালানি সংকটকে কেন্দ্র করে দেশে কৃত্রিম অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা দেখা যাচ্ছে। এর পেছনে ‘পতিত স্বৈরাচারের’ যোগসাজশ থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন রিজভী। তিনি বলেন, বিরোধীদের কাছ থেকে বাস্তবসম্মত সমাধান প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু লংমার্চের নামে সরকার ও বিএনপির বিরুদ্ধে যে ধরনের কটূ ভাষা ব্যবহার করা হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়।
প্রশাসনের ভেতরে থাকা একটি অংশের ভূমিকা নিয়েও সংশয় প্রকাশ করেন রিজভী। তাঁর অভিযোগ, ‘ফ্যাসিবাদের দোসররা’ প্রশাসনের অভ্যন্তরে থেকে নাশকতা বা স্যাবোটেজের চেষ্টা চালাচ্ছে। গোপনে কেউ পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।



