প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগে এনসিপি নেতার পদ স্থগিত

চাঁদপুর প্রতিনিধি( ডিজিটাল): চাঁদপুরের শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ওঠার পর তাঁর সব সাংগঠনিক পদ স্থগিত করেছে জেলা এনসিপি। বাহরাইনপ্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্য সচিব আমন উল্লাহ পাটোয়ারীর নির্দেশে তাৎক্ষণিকভাবে তাঁর সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযোগের তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এক বাহরাইনপ্রবাসীর স্ত্রীকে সঙ্গে নিয়ে শেখ রহমত উল্লাহ বাড়ি থেকে বের হয়ে যান বলে অভিযোগ উঠেছে। এরপর থেকে তাঁদের দুজনের মুঠোফোন বন্ধ রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের দাবি, ওই নারীর সঙ্গে রহমত উল্লাহর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারে জানাজানি হওয়ার পর শনিবার রাতে তাঁরা একসঙ্গে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
পরদিন রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী এবং ওই প্রবাসীর দুই শিশুকন্যাকে সঙ্গে নিয়ে পরিবারের সদস্যরা শাহরাস্তি থানায় যান। প্রবাসীর ভগ্নিপতি জাহাঙ্গীর আলমও রহমত উল্লাহর সঙ্গে ওই নারীর দীর্ঘদিনের সম্পর্ক থাকার অভিযোগ করেছেন।
এদিকে থানায় দেওয়া লিখিত অভিযোগে প্রবাসীর বাবা হারুনুর রশিদ দাবি করেছেন, তাঁর পুত্রবধূ বাড়ি থেকে যাওয়ার সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে নিয়ে গেছেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট নারীকে পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।



