সাবেক এসপি আরিফকে চাকরি থেকে বরখাস্ত

বাংলা টিভি ডেস্ক: সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডলকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং চাকরি থেকে পলায়নের অভিযোগে ২০২৪ ও ২০২৫ সালে তার বিরুদ্ধে দায়ের হওয়া বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী আরিফুর রহমান মণ্ডলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে আরও পাঁচ পুলিশ কর্মকর্তাকেও চাকরি থেকে বরখাস্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আরিফুর রহমান মণ্ডল ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে কোনো ধরনের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে নোটিশের কোনো জবাব না পাওয়ায় সরকারি দায়িত্ব পালনে অবহেলা, কর্তৃপক্ষের নির্দেশ অমান্য এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে একই ঘটনায় ২০২৫ সালের ২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা আদেশে আরিফুর রহমান মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
ওই আদেশে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
সরকারি চাকরি বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুযায়ী পলায়নের অভিযোগে অভিযুক্ত হওয়ায় একই বিধিমালার ১২(১) উপবিধি অনুসারে তাকে অনুপস্থিতির তারিখ ১৯ ফেব্রুয়ারি থেকেই সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
পরবর্তী সময়ে বিভাগীয় মামলার তদন্ত ও প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবার তাকে স্থায়ীভাবে সরকারি চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



