‘তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই’

বাংলা টিভি ডেস্ক: জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফের কোনো শর্ত জড়িত কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, জ্বালানির দাম বাড়ানোর ক্ষেত্রে আইএমএফের কোনো শর্ত নেই।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও বোয়িং কোম্পানির মধ্যে উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি হতে পারে বলেও জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সফরসূচিতে বোয়িংয়ের সঙ্গে কোনো বৈঠক নির্ধারিত আছে কি না, সে তথ্য তার কাছে নেই বলে জানান।
বোয়িং থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই। তবে বাংলাদেশ বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কিনবে—এটি প্রকাশিত তথ্য। ফলে সফরকালে এ বিষয়ে চুক্তি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সরকারিভাবে এখন পর্যন্ত এ বিষয়ে যতটুকু তথ্য পাওয়া গেছে, তা এতটুকুই। এর বাইরে তার কাছে আর কোনো নিশ্চিত তথ্য নেই।



