ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম

বাংলা টিভি ডেস্ক: ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এগ্রিমো চাওয়া হয়। চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ প্রস্তাব পাঠানো হয়েছিল।
অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ২০ জুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পান আসাদ আলম সিয়াম। এর আগে তিনি দীর্ঘ কূটনৈতিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আসাদ আলম সিয়াম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে নেদারল্যান্ডস থেকে এমবিএ সম্পন্ন করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পররাষ্ট্র) ব্যাচের কর্মকর্তা হিসেবে তিনি পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন।
কূটনৈতিক জীবনে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বিশ্বব্যাংক ও আইএমএফে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত, ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের প্রতিনিধি, ফিলিপাইনে রাষ্ট্রদূত এবং ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ উইংয়ের মহাপরিচালক, চিফ অব প্রটোকল, ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর এবং ইন্সপেক্টর জেনারেল অব মিশনসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন তিনি।
দিল্লিতে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পেলে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ সময়ে দেশটির সঙ্গে কূটনৈতিক যোগাযোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।



