‘আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না’

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে বিভিন্ন ফেসবুক আইডির মাধ্যমে মাদক কারবারিদের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব অভিযোগ করেন।
ড. নাহিদা বেগম বলেন, ২০২৫ সালের শুরুতে তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বে থাকাকালে বেশ কয়েকজন মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। সেই ঘটনার জেরে যদি তার ছোট ছেলেকে লক্ষ্যবস্তু বানিয়ে অপরাধী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়ে থাকে, তাহলে তিনি তা কোনোভাবেই মেনে নেবেন না।
তিনি বলেন, ‘আমার কোনো অপরাধ থাকলে তার শাস্তি আমাকে দেওয়া হোক। মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আমি তার শাস্তি পাব। কিন্তু আমার ছেলে কেন সেই অপরাধের শাস্তি ভোগ করবে? তাকে কেন হত্যা করা হলো?’
নিহত অপ্রতিমকে মাদক কারবারিদের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা চলছে দাবি করে নাহিদা বেগম আরও বলেন, বিভিন্নভাবে তার ছেলেকে তাদের সঙ্গে জড়িয়ে এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে অপ্রতিমও তাদেরই একজন। অথচ তার দাবি, অপ্রতিম ছিল নিষ্পাপ ও বয়সে ছোট; এসব বিষয় বোঝার মতো অবস্থাতেও সে ছিল না।
নিজের ছেলের হত্যার বিচার চাওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও শিশু ও পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নাহিদা বেগম বলেন, যারা তার ছেলেকে হত্যা করেছে, তারা ভবিষ্যতে কারাগার থেকে বের হলে আরও অনেক শিশুর জীবন বিপন্ন হতে পারে।
তিনি অপ্রতিম হত্যাকাণ্ডের নিরপেক্ষ, দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার নিশ্চিত করার দাবি জানান।



