সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বাড়ালে ব্যবস্থা: সড়কমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: সিএনজির দাম না বাড়ায় সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বাড়ানোর সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
সিএনজিচালিত গণপরিবহনও জ্বালানি তেলের দাম বাড়ার সুযোগ নিয়ে ভাড়া বাড়ানোর পাঁয়তারা করছে কি না, জানতে চাইলে শেখ রবিউল আলম বলেন, ‘সিএনজির দাম বাড়েনি। সিএনজিচালিত যান যেগুলো আছে, তাদের ভাড়া বাড়ার কোনো সুযোগ নেই।’
তিনি বলেন, ‘যখনই সুনির্দিষ্টভাবে এ রকম রিপোর্ট আপনারা পান, আপনাদের তো অনুসন্ধানী চোখ, আমাদের জানাবেন। ডেফিনেটলি উই উইল টেক নেসেসারি অ্যাকশন (আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব)।’
এর আগে, জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে।



