বাংলাদেশ

হতদরিদ্র কৃষকের কলাভর্তি ৭০০ গাছ এক রাতেই সাবাড়

বাংলা টিভি ডেস্ক: জয়পুরহাট সদর উপজেলায় এক কৃষকের স্বপ্ন এক রাতেই ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। পুরানাপৈল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফর রহমানের ছেলে কৃষক নূর মোহাম্মদের দেড় বিঘা জমির প্রায় ৭০০টি কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এসব গাছে থোর ও কাঁচা কলা ধরেছিল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক।

নূর মোহাম্মদ জানান, এনজিওসহ বিভিন্ন উৎস থেকে প্রায় ৫০ হাজার টাকা ঋণ নিয়ে পাশের গতন শহর গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে কলাবাগান গড়ে তুলেছিলেন তিনি। দীর্ঘদিনের পরিচর্যার পর বাগানের অধিকাংশ গাছেই থোর আসে এবং কাঁচা কলাও ধরেছিল। কিন্তু মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাগানে ঢুকে ফলন্ত কলাগাছগুলো কেটে ফেলে চলে যায়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কৃষক নূর মোহাম্মদ। তিনি বলেন, অনেক পরিশ্রম ও আশা নিয়ে বাগানটি করেছিলেন। গত বছর কলা বিক্রি করে প্রায় ৪৫ হাজার টাকা লাভ হয়েছিল। এবার বাজার ভালো থাকায় আগের চেয়ে বেশি লাভের আশা করেছিলেন। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা সব গাছ কেটে ফেলায় তার সেই আশা মুহূর্তেই শেষ হয়ে গেছে।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দুর্বৃত্তদের হামলায় কৃষকের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button