নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পালাতে সহযোগিতার অভিযোগ, এসআই ক্লোজড

বাংলা টিভি ডেস্ক: নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারে গিয়ে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে পুলিশের এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তা বদলগাছী থানার এসআই অসিত কুমার। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বদলগাছী উপজেলা শাখার সহসভাপতি রাকিবুল হাসানকে গ্রেপ্তার করতে গিয়ে প্রথম দফায় তাকে আটক করতে ব্যর্থ হন এসআই অসিত কুমার। রাকিবুল উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে আদালতে একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশ সুপারের ভাষ্য, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রাকিবুলকে গ্রেপ্তারের জন্য অভিযান চালান এসআই অসিত। সেখানে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ ওঠার পর বিষয়টি পুলিশ কর্মকর্তাদের নজরে আসে। পরে ওই রাতেই অসিত কুমারকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
তবে পুলিশ জানায়, পরবর্তীতে ভোররাতে রাকিবুলের বাড়িতে আবার অভিযান চালানো হয় এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করেন এসআই অসিত কুমার।
এদিকে পুলিশের পক্ষ থেকে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অসিত কুমার। তার দাবি, প্রথমবার গ্রেপ্তারের চেষ্টা করার সময় রাকিবুল পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান। অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়ার যে কথা ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।
অসিত কুমার আরও বলেন, দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে তিনিই রাকিবুলকে গ্রেপ্তার করেছেন। তিনি ছাত্রলীগের নেতা হওয়ায় তাকে কোনো ধরনের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।



