বাংলাদেশ

হাসপাতালের বৈদ্যুতিক তার চুরি, সকাল থেকে নেই বিদ্যুৎ

বাংলা টিভি ডেস্ক: পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে বিদ্যুৎ সরবরাহের সার্কিটের তার ও তামা চুরির ঘটনায় ইউনিটের তিনতলার একটি অংশে সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল ইউনিটের সামনের বিদ্যুৎ সংযোগের সার্কিট খুলে তামা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে ওই অংশের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। বর্তমানে সংযোগ পুনরায় চালুর জন্য মেরামতের কাজ করছে গণপূর্ত বিভাগ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, প্রয়োজনের তুলনায় হাসপাতালে নিরাপত্তাকর্মীর সংখ্যা কম থাকায় তারা উদ্বিগ্ন। পর্যাপ্ত আনসার সদস্য না থাকায় এর আগেও হাসপাতালের বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে। সকালে বিদ্যুৎ সার্কিটের তামা চুরির বিষয়টি জানার পর গণপূর্ত বিভাগকে অবহিত করা হয়েছে। তারা সংযোগ পুনঃস্থাপনের কাজ করছে।

এদিকে সকাল থেকে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগের কথা জানিয়েছেন রোগী ও স্বজনরা। কমলাপুর থেকে রোগী নিয়ে হাসপাতালে আসা আসমা বেগম বলেন, সকাল থেকেই বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে। এতে বিশেষ করে অসুস্থ রোগীদের বেশি কষ্ট হচ্ছে।

লোহালিয়ার বাসিন্দা সিরাজ সিকদার বলেন, হাসপাতালে রোগী ও স্বজনদের মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগ প্রায়ই শোনা যায়। এবার বিদ্যুৎ সংযোগের সার্কিটের তামা চুরির ঘটনাও ঘটল। এ ধরনের ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button