অপরাধবাংলাদেশ

‘২ কোটি টাকা না দিলে সই করব না’, ভিডিও ভাইরালের পর সেই প্রকৌশলী বরখাস্ত

বাংলা টিভি ডেস্ক: লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) তাকে বরখাস্ত করা হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের উপপরিচালক-১ মো. কাউসার আহমেদ অপু স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা ১৯৮২ এর ১৪১ (১) নং বিধির অধীনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিধিমালার ১৪১ (১) নং বিধি অনুসারে চাকরি থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

চিঠিতে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা ১৯৮২ এর ১৪১ (২) নং বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন এবং এসময়ে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার পূর্বানুমতি ব্যতিরেকে তিনি কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে নুরুল আমিনের ঘুষ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে ঢাকা পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এরমধ্যে কিছু অংশে নুরুল আমিনকে বলতে শোনা যায়, এসি স্যার রাজি হয়ে গেছে কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়বো না। ৬ কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার কমে নড়বো না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাবো। দেখি চেয়ারম্যান কি কয়। একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গা মতো পোস্টিং দেবে। সোজা হিসেব, ৩ লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা। তাহলে কত কোটি টাকার মাল সে আত্মসাৎ করছে। হিসেব করে দেখা যাবে ৫ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে। ৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন আমি সব সই করে দেবো।

ভিডিওতে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নুরুল আমিনকে নগদ টাকা গ্রহণ করতেও দেখা যায়। তবে ওই ব্যক্তিদের মুখ দেখা যায়নি এবং তাদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে তিনি ওইসব ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, এখানে কত? ওই ব্যক্তি বলেন, এখানে ৩৫ স্যার। নির্বাহী প্রকৌশলী বলেন, এক লাখ ৩৫। ওই ব্যক্তি বলেন, আগে দিয়েছি এক লাখ স্যার।

এ বিষয়ে জানতে সদ্য সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের দাপ্তরিক মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। এর আগে সোমবার দুপুরে কয়েকজন সাংবাদিক তার কার্যালয়ে গেলেও তার দেখা পাননি।

এই ভিডিও বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে তিনজন ঠিকাদার ও ২ জন কর্মকর্তা জানায়, প্রায় দুই বছর আগে ভিডিওটি পিডিবির লক্ষ্মীপুর কার্যালয়ের ডরমেটরিতে ধারণ করা হয়েছে। জেলার দত্তপাড়া এলাকার বিপ্লব হোসেন নামের এক ঠিকাদার ভিডিওটি ধারণ করেছে বলে জানা যায়। ওই ঠিকাদার সহ কয়েকজন ঠিকাদার সম্প্রতী ভিডিওটি সংযুক্ত করে দুদকে অভিযোগ করেন। ঠিকাদারি কাজ ও বিলসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সেখানে ঠিকাদারদের ডেকে অর্থ আদায়ের ঘটনাও ঘটেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button