গ্রাম বাংলাদেশবাংলা

চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: নরসিংদীর পলাশে চাচিকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ এবং এর ফলে সন্তান জন্মদানের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি অপূর্ব চন্দ্র দাসকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পিবিআই নরসিংদী বিষয়টি নিশ্চিত করে। এর আগে রোববার বিকালে পলাশ উপজেলার গাবতলী পণ্ডিতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অপূর্ব চন্দ্র দাস পলাশ উপজেলার গাবতলী পণ্ডিতপাড়া এলাকার নীল চন্দ্র দাসের ছেলে।

মামলার এজাহার ও পিবিআই সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত রয়েছেন। এই সুযোগে নিজ বসতঘরে নিয়ে একাধিকবার ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে অপূর্ব। পরবর্তীতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং চলতি বছরের ১৭ এপ্রিল একটি কন্যাসন্তানের জন্ম দেন।

সন্তান জন্মের পর শিশুটির পিতৃপরিচয় নিয়ে সমাজে তীব্র জটিলতা তৈরি হয়। একইসঙ্গে নিজের ও সন্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে ভুক্তভোগী নারী আদালতের দ্বারস্থ হন এবং একটি মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে পিবিআই নরসিংদী ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে পিবিআই-এর একটি দল রোববার তাকে গ্রেপ্তার করে।

পিবিআই জানায়, গ্রেপ্তারের পর আসামি অপূর্বকে আদালতে পাঠানো হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলাটির পূর্ণাঙ্গ তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button