আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবকলীগের ৪ নেতাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি (ডিজিটাল): জুলাই গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও খরনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান শাহিনসহ চার নেতার।
গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের চট্টগ্রাম ও কক্সবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও খরনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান শাহিন (৫২), জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন (৬০), বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু (২৯) এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মী হিসেবে পরিচিত ফেরদৌস হোসেন (২৬)।
পুলিশের দাবি, সাজেদুর রহমান শাহিনের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টাসহ ১৫টির বেশি মামলা রয়েছে। এছাড়া সাব্বির হোসেন নির্জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে। গ্রেপ্তার ফেরদৌস হোসেনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই গ্রেপ্তার চারজন আত্মগোপনে ছিলেন।। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে চট্টগ্রাম ও কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া চারজনকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বগুড়ায় এনে আদালতে সোপর্দ করা হবে।



