গ্রাম বাংলাদেশবাংলা

বাড়িতে মেয়ের বিয়ের আয়োজন, সড়কে বাবার মরদেহ

বাংলা টিভি ডেস্ক: শুক্রবার মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল বিয়ের প্রস্তুতি, আনন্দ আর ব্যস্ততা। মঙ্গলবার বরপক্ষের লোকজন আসার কথা বাড়িতে। তাই বাজার করতে ভোরে বাড়ি থেকে বের হন বাবা লোকমান হোসেন (৫০)। কিন্তু সেই বাজার নিয়ে আর বাড়ি ফেরা হলো না তার। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি। মেয়ের বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকের বাড়িতে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লোকমান হোসেন ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজীর ছেলে। লোকমান হোসেনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, মেয়ের বিয়েকে ঘিরে কয়েকদিন ধরে বাড়িতে চলছিল নানা প্রস্তুতি। সেই আনন্দের মধ্যেই বাবাকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। যে বাবার মেয়ের বিয়ের বাজার নিয়ে ঘরে ফেরার কথা ছিল, শেষ পর্যন্ত তাকে ফিরতে হলো নিথর দেহ হয়ে।

এদিকে একই ঘটনায় ট্রাকের চালক ও সহকারীর সঙ্গে থাকা মাছ ব্যবসায়ী দিরু নিহত হয়েছেন। তার বাড়ি নেত্রকোনায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে লোকমান হোসেন মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় দ্রুতগতিতে আসা একটি মাছবাহী গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মাছবাহী গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির চালকের পাশের সিটে থাকা দিরু গাড়ির ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যান।

খবর পেয়ে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতরে আটকে থাকা ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুতর আহত লোকমান হোসেনকে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর গাড়িচালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি জানান, ট্রাকে চালক ও হেলপারের সঙ্গে সহযাত্রী হিসেবে মাছ ব্যবসায়ী ছিলেন। তিনি দুর্ঘটনায় আহত হন। আহতাবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button