মাদারগঞ্জে জুয়ার আসর থেকে আ.লীগ নেতাসহ আটক ৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের চর জোড়খালী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন—জোড়খালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য হামিদুর রহমান হামিদ খান (৪৫), একই ইউনিয়নের চর জোড়খালী এলাকার মালেক মণ্ডলের ছেলে হাসিজল (৪৫), সোহরাব আলীর ছেলে হাফিজুর (২৯) এবং মৃত রওশন আলীর ছেলে নায়েব আলী (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চর জোড়খালী এলাকায় নায়েব আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়িতে বসা জুয়ার আসর থেকে চারজনকে আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে নগদ টাকা, একাধিক বান্ডেল তাসসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে তাদের জামালপুর আদালতে সোপর্দ করা হবে।



