গ্রাম বাংলাদেশবাংলা

ময়মনসিংহে স্বামীকে মদপান করিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

বাংলা টিভি ডেস্ক: ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামীকে মদপান করানোর পর এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহজাহান (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত রোববার সন্ধ্যায় উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের কড়াইতলী গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী ওই নারী হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তাদের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। নিজেদের কোনো বাড়িঘর না থাকায় তারা অন্যের বাড়ির বারান্দার একটি কক্ষে বসবাস করেন। ওই নারীর স্বামী মাদকাসক্ত।

অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার দিন শাহজাহান ও ওই নারীর স্বামী স্থানীয় একটি বাড়িতে গিয়ে মদ পান করেন। পরে সন্ধ্যায় তারা দুজন একসঙ্গে ওই নারীর থাকার জায়গায় যান। একপর্যায়ে তার স্বামী সেখান থেকে চলে গেলে শাহজাহান কক্ষে ঢুকে ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহজাহান সেখান থেকে পালিয়ে যান।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি মামলা হিসেবে নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, অভিযুক্ত শাহজাহান ও ওই নারীর স্বামী দুজনই মাদকাসক্ত। তারা একসঙ্গে মদ পান করতেন। তাদের কারও স্থায়ী বাড়িঘর নেই। ওই নারী অন্যের বাড়ির বারান্দায় থাকতেন। দুজন একসঙ্গে মদ পান করার পর স্বামী অন্যদিকে চলে যাওয়ার সুযোগে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button