জাতীয়

৫০০ কোটি টাকা বিদ্যুৎবিল, জিএম বরখাস্ত, গ্রাহককে ফোন করলেন মন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল পাওয়ার ঘটনায় মাগুরায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে এই অভিযোগে মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্তও করা হয়েছে বলে জানা গেছে। তাছাড়া ওই গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ করেছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

জানা গেছে, মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলটি তৈরি করা হয়। বিলে তার বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ২৩৫ ইউনিট দেখানো হলেও পরিশোধযোগ্য অর্থের ঘরে লেখা হয় ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকা।

অস্বাভাবিক অঙ্কের এ বিল হাতে পাওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিলটি নিয়ে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া জোনাল কার্যালয়ে অভিযোগ করেন গ্রাহক আলেয়া খাতুন। পরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বিলটি যাচাই করে সংশোধন করেন।

এ ঘটনার পর বুধবার সকালে ওই গ্রাহক মোছা. আলেয়া খাতুনকে ফোন দেন মন্ত্রী। তার কাছে অস্বাভাবিক বিলের ঘটনায় দুঃখপ্রকাশ করেন।

এদিকে এ ঘটনায় আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), বিলিং সুপারভাইজার, বিলিং সহকারী ও মিটার রিডার কাম ম্যাসেঞ্জারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

শোকজপ্রাপ্তরা হলেন—আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম, বিলিং সুপারভাইজার সীমা রানী, বিলিং সহকারী সুমা রানী ঘোষ এবং মিটার রিডার কাম ম্যাসেঞ্জার তোরাব আলী। তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button