জাতীয়

হাসিনা আসুক, এটা আমরা চাই: সংস্কৃতিমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, হাসিনা আসুক, এটা আমরা চাই। তাকে প্রত্যর্পণের জন্য লিখিতভাবে জানানো হয়েছে। তার দু’একটি মামলায় ফাঁসি রায় হয়েছে এবং অনেকগুলো বিচারাধীন আছে। তিনি এলে আইন তার নিজস্ব গতিতে চলবে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল মাগুরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, গত ১৮ বছরে দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। ফ্যাসিবাদী সরকার সব কিছু ধ্বংস করে লাখ লাখ, কোটি কোটি টাকা পাচার করেছে। ফ্যাসিবাদীদের নির্যাতনে বিএনপির নেতাকর্মীরা পালায়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাংক লুটপাটের টাকা নিয়ে ভারতে পালিয়ে যায়। এরা পলাতক শক্তি। বিএনপি কখনও পালায়নি, বিএনপি পালাবার দল নয়। বিএনপি রাজপথে প্রস্তুত আছে।

নিতাই রায় চৌধুরী বলেন, বিগত ১৮ বছর আমরা ফ্যাসিবাদের রক্তচক্ষুকে ভয় করিনি। ফ্যাসিবাদী শাসনামলে আমরা সারা বাংলাদেশ ঘুরে বেড়িয়েছি, মিছিল-মিটিং করেছি। হত্যা-নির্যাতনের ভয়েও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছেড়ে পালিয়ে যাননি। অথচ আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও আমলারা পালিয়ে ভারতে চলে গেছেন।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, মাগুরার জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও মাগুরা কমিউনিটি পুলিশের সভাপতি মো. আলী আহমেদ, মাগুরা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button