সাদিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় মাদ্রাসাছাত্রী মোছা. সাদিয়ার (১৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টায় শয়ন কক্ষের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাহাদুরপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী সাদিয়ার এক বছর আগে আসিফের (১৮) সাথে বিয়ে ঠিক হয়। এ কারণে আসিফ তাকে নাকফুলও পরিয়ে দেয়। আসিফ পার্শ্ববর্তী আরকান্দি গ্রামের আনোয়ারের ছেলে। তাদের মধ্যে নিয়মিত যোগাযোগও ছিল। বেশ কিছুদিন ধরে সাদিয়া আসিফকে বিয়ের জন্য চাপ দেয়। এরপর থেকে সে কিছুদিন সময় চায়।
ভুক্তভোগীর বাবা ইয়ানুর জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তার মেয়ে ঘুমোতে যায়। শুক্রবার সকালে তিনি বরজ থেকে পান ভেঙ্গে এনে তা গোছার জন্য মেয়েকে ডাকতে পাঠায়। বারবার ডাকার পর দরজা না খুললে জানালা দিয়ে দেখা যায় সাদিয়া তার রুমের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। এরপর ইয়ানুর কয়েকজনকে নিয়ে রুমে প্রবেশ করে মেয়ের ঝুলন্ত লাশ নিচে নামায়। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ লাশের সুরতহাল সম্পূর্ণ করে ময়নাতদন্তের জন্য তা থানায় নিয়ে আসে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ যায়। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়। তার আত্মহত্যার বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। পুলিশ তার প্রেমিক আসিফকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।



