রাজনীতি

বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করি নাই: রুমিন ফারহানা

বাংলা টিভি ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন ব্যারিস্টার রুমিন ফারহানা। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি বহিষ্কৃত হয়ে নির্বাচনে জয়ী হওয়া নেতাদের আবারও বিএনপিতে ফিরিয়ে নেওয়ার আলোচনা শুরু হওয়ায় তাঁকে নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন রুমিন ফারহানা।

তিনি জানিয়েছেন, বিএনপিতে ফিরে যাওয়ার জন্য কোনো ধরনের আবেদন করেননি। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা বলেন, তাঁকে নিয়ে অনেকেই জানতে চাইছেন, তিনি আবার বিএনপিতে ফিরবেন কি না। এ বিষয়ে তিনি স্পষ্ট করে জানান, দলে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করেননি।

তিনি আরও বলেন, তাঁর কোনো বক্তব্য কিংবা আচরণ থেকেও বিএনপিতে ফিরে যাওয়ার ইঙ্গিত পাওয়ার সুযোগ নেই। বর্তমানে আল্লাহ তাঁকে যে অবস্থানে রেখেছেন, সে জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে দলটির প্রায় ৮০ থেকে ৮৫ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাঁদের বহিষ্কার করা হয়। তাঁদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হন। এই বিজয়ীদের একজন ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

বহিষ্কারের আগে রুমিন ফারহানা বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে তৃণমূল পর্যায়ের আরও পাঁচ শতাধিক নেতাকেও বহিষ্কার করেছিল বিএনপি। পরবর্তী সময়ে তাঁদের অধিকাংশই দলে পুনরায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেন।

বহিষ্কৃত ও নির্বাচনে বিজয়ী নেতাদের দলে ফেরানোর আলোচনা চলার মধ্যেই রুমিন ফারহানার এই বক্তব্য নতুন করে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর বক্তব্যে আপাতত বিএনপিতে ফেরার কোনো আগ্রহ বা উদ্যোগের ইঙ্গিত পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button