বাংলাদেশ

মোটরসাইকেলসহ গাড়ি মালিকদের জন্য সুখবর

বাংলা টিভি ডেস্ক: মোটরসাইকেল ও অন্যান্য মোটরযানের মালিক-চালকদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জরিমানা ছাড়াই গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বাড়ানো হয়েছে।

বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শুধু মূল কর ও প্রযোজ্য ফি পরিশোধ করেই মেয়াদোত্তীর্ণ মোটরযানের কাগজপত্র নবায়ন করা যাবে। এর আওতায় ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ প্রয়োজনীয় নথি এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সুযোগ থাকছে।

বিআরটিএ জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে। ফলে যেসব গাড়ি বা মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে গেছে, সেসবের মালিকরা নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া কাগজপত্র হালনাগাদ করতে পারবেন।

গাড়ি বা মোটরসাইকেল বিক্রির পরও মালিকানা বদল জরুরি

গাড়ি কিংবা মোটরসাইকেল বিক্রি করে দেওয়ার পরও নতুন মালিকের নামে মালিকানা পরিবর্তন না করলে পুরোনো মালিককে ভবিষ্যতে বিভিন্ন জটিলতার মুখে পড়তে হতে পারে। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী, মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক।

বিআরটিএ জানিয়েছে, অনেক ক্ষেত্রে নতুন মালিক গাড়ি কেনার পরও সেটি নিজের নামে নিবন্ধন না করেই ব্যবহার করে থাকেন। এর ফলে সংশ্লিষ্ট গাড়ির কর ও অন্যান্য আর্থিক দায় আগের মালিকের ওপর থেকে যেতে পারে।

মালিকানা পরিবর্তন না হলে সংশ্লিষ্ট মোটরযানের জন্য নির্ধারিত অগ্রিম আয়কর দিতে হতে পারে পুরোনো মালিককে। ক্ষেত্রবিশেষে অতিরিক্ত অগ্রিম আয়কর ও পরিবেশ সারচার্জের দায়ও তার ওপর বর্তাতে পারে।

অনলাইনেও করা যাবে মালিকানা পরিবর্তনের আবেদন

মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করতে অনলাইন সেবাও চালু রেখেছে বিআরটিএ। সংস্থাটির সার্ভিস পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় আবেদন করার পাশাপাশি নির্ধারিত ফি পরিশোধের সুযোগ রয়েছে।

বিআরটিএর তথ্য অনুযায়ী, মালিকানা পরিবর্তনের জন্য ক্রেতা ও বিক্রেতার প্রয়োজনীয় ফরম, ফি জমার রশিদ এবং সংশ্লিষ্ট মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়।

তাই গাড়ি বা মোটরসাইকেল বিক্রির পর নতুন মালিকের নামে দ্রুত মালিকানা পরিবর্তন করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে ভবিষ্যতে কর, কাগজপত্র বা অন্যান্য প্রশাসনিক জটিলতা এড়ানো সম্ভব হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button